অনলাইনে ফ্রি নাচের ক্লাস মাধুরীর

২ এপ্রিল, ২০২০ ১২:৫০  
পুরো পৃথিবী করোনা আতঙ্কে থমকে আছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে বন্ধ সমস্ত কাজ। বলিউডও একই পথের পথিক। কিন্তু তা বলে তো সেলিব্রেটিরা শরীরচর্চা থামিয়ে রাখতে পারবেন না। আর নাচের চর্চার চেয়ে চমৎকার ওয়ার্ক-আউট আর অন্য কিছু হতেই পারে না। এমনটাই মনে করেন মাধুরী দীক্ষিত। তাই লকডাউনে দেশের মানুষ যখন গৃহবন্দি তখন নৃত্যে উৎসাহিত মানুষ নাচের মধ্য দিয়ে সময় কাটান, এমনটাই ইচ্ছা তাঁর। এটা করার জন্য অনলাইন ডান্স ক্লাসের আয়োজন করছেন তিনি। ডান্স উইথ মাধুরী ডট কম-এ মিলবে নাচের প্রশিক্ষণ। নিজের এই অন্য রকমের প্রোজেক্টের জন্য দেশের সেরা কোরিওগ্রাফারদের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন মাধুরী। ১ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত চলবে এই প্রশিক্ষণ। এই সংকটকালে মানুষের মনে সাান্য আনন্দ দিতেই মাধুরীর এই প্রয়াস।